বিনোদন ডেস্ক:
ছোট পর্দার পরিচিত মুখ সুমাইয়া শিমু আবারও ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরছেন। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শিমুর প্রথম লুক প্রকাশ করেছে। সেখানে জানা যায়, নাটকে তিনি ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করছেন। তবে নাটকের গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি অভিনেত্রী। একইভাবে নির্মাতাও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
ব্যক্তিগত কারণে বেশ কয়েক বছর অভিনয়ে অনিয়মিত ছিলেন সুমাইয়া শিমু। এর আগে নির্মাতা নুহাশ হুমায়ূনের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে তিনি পর্দায় ফেরেন। তখনই তিনি জানিয়েছিলেন, ভালো গল্প ও মানসম্মত চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফিরতে আগ্রহী।
জানা গেছে, বর্তমানে ‘ফিরে আসার গল্প’ নাটকের প্রাক্-প্রযোজনার কাজ চলছে। আগামী মাস থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নাটকের অন্যান্য অভিনয়শিল্পীদের নামও পর্যায়ক্রমে প্রকাশ করবেন নির্মাতা।
উল্লেখ্য, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সাম্প্রতিক ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় নতুন এই নাটক নির্মাণ করছেন তিনি।
সুমাইয়া শিমুর অভিনয়জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক নাটক রয়েছে। ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’-এর মতো নাটকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন ধারাবাহিকের মাধ্যমে আবারও নিয়মিতভাবে ছোট পর্দায় তাকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।