মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে ৩০ পিস ইয়াবাসহ উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল পাংশা মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আবদুল মান্নান মণ্ডলের স্ত্রী মোছাঃ হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়া গ্রামের কদর আলী মণ্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
ডিবি পুলিশের ওসি মোঃ মফিজুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তাঁর পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনিকভাবে তাঁকে এখনো বিষয়টি জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও বহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।