নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত প্রায় ৩টার দিকে কুইন্সটাউন এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। সে সময় দোকানের ভেতরেই অবস্থান করছিলেন কয়েকজন বাংলাদেশি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হওয়ার সুযোগ পাননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
নিহতদের সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং অন্যরা বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।
এদিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং আগুন লাগার পেছনে কোনো অবহেলা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।