ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক:

কনটেন্ট ক্রিয়েটরদের কাজ আরও সহজ করতে ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি স্বতন্ত্র অ্যাপ চালু করেছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই অ্যাপের মাধ্যমে ভিডিও ও পোস্টের পারফরম্যান্স বিশ্লেষণ, দর্শক বাড়ানোর কৌশল এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগের মতো কাজ এক জায়গা থেকেই করার সুযোগ পাবেন ক্রিয়েটররা।

পরীক্ষামূলক পর্যায়ে কিছুদিন চালানোর পর অ্যাপটি এখন আইওএস ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা এটি ব্যবহার করতে পারছেন।

নতুন অ্যাপটির অন্যতম প্রধান সুবিধা হলো মেটার নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’। ক্রিয়েটরের কাজের ধরন, নির্ধারিত লক্ষ্য এবং দর্শকদের আগ্রহ বিশ্লেষণ করে এই এআই বিভিন্ন পরামর্শ দিতে পারবে।

এতদিন ফেসবুক পেজের কার্যক্রম মূল্যায়নে ক্রিয়েটরদের বিভিন্ন ধরনের পরিসংখ্যান, চার্ট ও বিশ্লেষণ ঘেঁটে দেখতে হতো। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়া অনেকটাই সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটররা সরাসরি এআই সহকারীকে প্রশ্ন করে জানতে পারবেন কোন সময়ে পোস্ট করলে ভালো ফল পাওয়া যেতে পারে, কোনো পোস্টে দর্শকদের প্রতিক্রিয়া কেমন কিংবা কোন বিষয়গুলো বেশি আগ্রহ তৈরি করছে।

অ্যাপটিতে রয়েছে এআইভিত্তিক কমেন্ট ব্যবস্থাপনাও। এটি একটি পেজের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো শনাক্ত করে দিতে পারবে। পাশাপাশি ক্রিয়েটরের লেখার ধরন অনুসরণ করে সংশ্লিষ্ট মন্তব্যের সম্ভাব্য জবাবের খসড়াও তৈরি করবে। চূড়ান্তভাবে প্রকাশের আগে ক্রিয়েটর নিজের প্রয়োজন অনুযায়ী সেই উত্তর সম্পাদনা করতে পারবেন।

প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলে ক্রিয়েটরদের জন্য প্রয়োজনীয় কাজের একটি তালিকাও দেখানো হবে। আগের পোস্টগুলোর পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্যের অগ্রগতি এবং যেসব মন্তব্যের জবাব দেওয়া প্রয়োজন—এসব তথ্য একসঙ্গে সাজিয়ে দেখাবে অ্যাপটি।

মেটার নতুন এই উদ্যোগের পেছনে বড় একটি লক্ষ্য হলো ভিডিও ও কনটেন্ট নির্মাতাদের ফেসবুক প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখা। টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ক্রিয়েটরদের ধরে রাখতে এআইনির্ভর সরঞ্জামকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে ক্রিয়েটরদের কনটেন্ট পরিকল্পনা ও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য বাইরের এআই সেবার ওপর নির্ভরতা কমানোও মেটার কৌশলের অংশ বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ কনটেন্ট তৈরির ধারণা থেকে শুরু করে দর্শকদের প্রতিক্রিয়া বোঝা—পুরো প্রক্রিয়াটি ফেসবুকের নিজস্ব ব্যবস্থার মধ্যেই রাখার চেষ্টা করছে মেটা।

সম্প্রতি ক্রিয়েটর ও ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন অ্যাপও বাজারে এনেছে মেটা। এর মধ্যে ফেসবুক গ্রুপকেন্দ্রিক ‘ফোরাম’, বন্ধুদের সঙ্গে ছবি ভাগাভাগির জন্য ‘ইনস্ট্যান্টস’, গেমিং অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প তৈরির অ্যাপ ‘স্টোরিকিট’ উল্লেখযোগ্য।

নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপের মাধ্যমে ফেসবুক কনটেন্ট নির্মাতাদের জন্য আরও সমন্বিত ও এআইনির্ভর একটি কর্মপরিবেশ তৈরি করতে চাইছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top