নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পালটা গুলিতে এক মাদক কারবারিও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা থানার এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। পুলিশের গুলিতে আহত অবস্থায় আটক জসিম (২৪) রেজ্জাক বেপারীর ছেলে। অপর আটক ব্যক্তি একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জসিম ও মোহনসহ ৭ থেকে ৮ জন অস্ত্রধারী মাদক কারবারি পুলিশের ওপর গুলি চালায়। একই সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে জসিম গুলিবিদ্ধ হন। এ সময় মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় অস্ত্র ও মাদক কারবারিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।