মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতছালা গ্রামে দীর্ঘদিনেও মাত্র ১ হাজার ৫০০ ফুট মাটির রাস্তা পাকা না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ভাতছালা গ্রামের ওই সড়কে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন তারা। বিভিন্ন সময় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা রাস্তাটি পাকা করে দেওয়ার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
তারা জানান, বৃষ্টির সময় রাস্তাটিতে কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা এবং উৎপাদিত ফসল বাজারে নেওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতেও চরম ভোগান্তি দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, জরুরি প্রয়োজনে কোনো গর্ভবতী নারী বা অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলেও দুর্ভোগের শেষ থাকে না। অনেক সময় অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটি ভ্যানগাড়িও সড়কটি দিয়ে চলাচল করতে পারে না।
গ্রামবাসীরা বলেন, দীর্ঘদিনের এই দুর্ভোগের প্রতীকী প্রতিবাদ হিসেবেই তারা রাস্তায় ধানের চারা লাগিয়েছেন। তাদের দাবি, এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনা করে দ্রুত ১ হাজার ৫০০ ফুট রাস্তাটি পাকা করার উদ্যোগ নিতে হবে।
স্থানীয়দের ভাষ্য, “এলাকার বিভিন্ন স্থানে রাস্তা পাকা হচ্ছে। আমাদের এই ছোট্ট রাস্তাটির দিকে একটু নজর দিন। আর কতদিন অবহেলিত থাকবে ভাতছালা গ্রামের মানুষ? দ্রুত রাস্তাটি পাকা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।”
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি পাকা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।