রুবেল ফরাজী, নিজেস্ব প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে জমি নিয়ে পূর্ববিরোধ ও রান্নাঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা দক্ষিণ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সোহাগ মাদবর, তার বড় ভাই সোনা মিয়া মাদবর ও আব্বাস আলী মাদবরসহ কয়েকজন রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, বাড়িতে রান্নাঘর নির্মাণকে কেন্দ্র করে সোহাগ মাদবরের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্বাস আলী মাদবরের পরিবারের বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
সোহাগ মাদবরের পক্ষের অভিযোগ, রান্নাঘর নির্মাণের কাজ চলাকালে আব্বাস আলী মাদবর ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সোহাগ মাদবর, তার বড় ভাই সোনা মিয়া মাদবরসহ কয়েকজন আহত হন।
অন্যদিকে আব্বাস আলী মাদবরের পক্ষের দাবি, জমি নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হলেও তা পুরোপুরি মেনে নেওয়া হয়নি। পরে রান্নাঘর সংস্কারের কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে উভয় পক্ষই শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “সোহাগ মাদবরের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অপর পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে জমি ও রান্নাঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।