রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামের এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট উত্তর বত্রিশ হাজারী গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশ্বর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা তার ছয় মাসের অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য লালমনিরহাটে নিয়ে গেলে বাড়িতে একা ছিল ওই ছাত্রী। এই সুযোগে অভিযুক্ত ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
পরবর্তীতে স্বজনরা ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আলী আত্মগোপনে চলে যান।
পরে র্যাব-১৩ এর একটি গোয়েন্দ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটে চাপারহাট উত্তর বত্রিশ হাজারী গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ইউসুফ আলীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষে আসামীকে জেল হাজতে প্রেরোণ করা হয়েছে।