বিনোদন ডেস্ক:
নব্বইয়ের দশক থেকে ২০০০-এর শুরুর দিক পর্যন্ত মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের প্রভাব বলিউডে ছিল আলোচিত এক অধ্যায়। সে সময় চলচ্চিত্র অঙ্গনের অনেক অভিনেতা, পরিচালক ও প্রযোজককে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা পছন্দের প্রকল্পে কাজ করানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছিল। সেই সময় বলিউডে নিজের অবস্থান শক্ত করেন শাহরুখ খান। তবে অন্য অনেক তারকার মতো তিনি আন্ডারওয়ার্ল্ডের চাপের কাছে নতি স্বীকার করেননি বলে দাবি করেছেন পরিচালক সঞ্জয় গুপ্ত।
হুসেন জায়দির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের সেই সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলেন সঞ্জয় গুপ্ত। তার দাবি, তখন প্রায় পুরো চলচ্চিত্রশিল্পই আন্ডারওয়ার্ল্ডের নজরে ছিল এবং জনপ্রিয় তারকারা বিশেষভাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতেন।
তবে শাহরুখ খানকে এ ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন এই পরিচালক। তার ভাষ্য, আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ বা প্রস্তাব এলেও শাহরুখ নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
সঞ্জয় গুপ্তের দাবি, ভয়ভীতি দেখিয়ে শাহরুখকে নিজের ইচ্ছামতো কোনো কাজ করানো সম্ভব হয়নি। বরং আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে তিনি প্রকাশ্যেই কঠোর অবস্থান নিয়েছিলেন।
পরিচালকের বর্ণনা অনুযায়ী, শাহরুখ নিজের পরিচয় ও মানসিক দৃঢ়তার কথা তুলে ধরে বুঝিয়ে দিয়েছিলেন যে হুমকি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যাবে না। এ প্রসঙ্গে শাহরুখের একটি কথাও উল্লেখ করেন সঞ্জয় গুপ্ত—‘আমি পাঠান, গুলি করে দাও।’
সঞ্জয় গুপ্তের বক্তব্য অনুযায়ী, ওই মন্তব্যের মধ্য দিয়ে শাহরুখ কার্যত জানিয়ে দিয়েছিলেন, প্রাণনাশের হুমকিও তাকে নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করবে না।
বলিউড ও মুম্বাইয়ের অপরাধজগতের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ঘটনা ও অভিযোগ আলোচিত হয়ে আসছে। বিশেষ করে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে চলচ্চিত্র প্রযোজনায় অর্থের জোগান, তারকাদের হুমকি এবং বিভিন্ন সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ সংবাদমাধ্যমে উঠে এসেছে।
সঞ্জয় গুপ্তের সাম্প্রতিক বক্তব্য সেই সময়কার বলিউডে শাহরুখ খানের অবস্থান ও তার কথিত দৃঢ়তার একটি দিক নতুন করে সামনে এনেছে। তবে সাক্ষাৎকারে করা এসব দাবি পরিচালকের বক্তব্যের ভিত্তিতেই প্রকাশিত হয়েছে।