আরও পাঁচ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতির পদে নেই বিরোধীরা

আরও পাঁচ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতির পদে নেই বিরোধীরা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন গঠিত এসব কমিটির কোনোটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে দেওয়া হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পাঁচটি স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ভোটে প্রস্তাবগুলো অনুমোদন পায়।

নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন ফজলুল হক মিলন।

এর আগে সংসদে বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের ধারাবাহিকতায় একাধিক কমিটির সভাপতির দায়িত্বও সরকারি দলের সংসদ সদস্যরা পেয়েছেন। সাম্প্রতিক সময়ে গঠিত কয়েকটি কমিটিতে বিরোধী দলের সদস্যদের রাখা হলেও সভাপতির পদে তাদের কাউকে দেওয়া হয়নি।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিল পরীক্ষা এবং মন্ত্রণালয়ের কাজের ওপর সংসদীয় নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রয়োদশ জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি সংসদীয় বিষয়-সম্পর্কিত কমিটি।

নতুন কমিটিগুলো গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া আরও এগিয়ে গেল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top