মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে আমাকে জানাবেন। প্রয়োজনে গোপনে ম্যাসেঞ্জার-হোয়াটসঅ্যাপে বার্তা দেবেন। সে যেই হোক না কেন তার মূল উৎপাটন করা হবে। দলের নামে কাউকে অবৈধভাবে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এমন কোনো কাজ করতে দেওয়া হবে না-যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
৩ কোটি টাকা ৭৫ লাখ টাকা ব্যায়ে অজপাড়াগাঁয়ের একটি কাঁচা সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে চাঁদাবাজ, লুটেরাদের উদ্দেশ্যে এসব কথা বলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। শনিবার সকাল ১০ টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৪ কিলোমিটারের ওই সড়কটি উদ্বোধন করা হয়।
তিনি বলেন, ‘দলের ভেতর যেমন নিঃস্বার্থ ত্যাগি নেতাকর্মী আছেন, তেমনি কিছু অসাধু লোকও আছেন। সেসব লোকেরা অতীতেও সড়কের কাজে বাধা দিয়ে চাঁদাবাজি করেছেন। বিএনপির শাষণামলে কোনোভবেই সেসব মাফিয়াদের মাথাচারা দিতে দেওয়া হবে না। এখন চাঁদাবাজি করতে আসলে আমরাও তাদের ছেড়ে কথা বলবো না।’
ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকার আপনার লভ্যাংশ রেখেই কাজ দিয়েছে। সেটুকু নিয়েই সন্তোষ্ট থাকুন। অতিরিক্ত মুনাফা ধান্দা করে সড়কের গুণগত মান নষ্ট করবেন না। জনগণ কিন্তু কাজ বুঝে নেবেন।’
সড়ক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন, ফজল মানিক ও সুফিয়া বেগমসহ অন্তত ১০ জন বলেন, লক্ষীপুর গ্রামের মানুষের শত বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। অথচ এর আগের জনপ্রতিনিধিরা সড়কটি পাকাকরণে শুধু আশ্বাসই দিয়েছেন। কেউ কথা রাখেন নি।
তারা বলেন, গ্রামের কয়েক হাজার মানুষের নিত্য চলাচলের সড়কটি পাকাকরণ কাজের উদ্বোধন হয়েছে। এতে তারা আন্দিত-উচ্ছ্বাসিত। এখন আর মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হবে না। কৃষকেরাও ফসলের ন্যায্য মূল্য পাবেন।
সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে সড়কের ধারে বৃক্ষ রোপণও করেন এমপি আব্দুল আজিজ। এসময় গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়াসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে ওই গ্রামের জামে মসজিদে প্রবেশ করে উন্নয়নের জন্য দ্বিতীয় দফায় ৩ লাখ টাকা অনুদান দেন।