‘সাহস থাকলে দেশে আসেন, মানুষ আপনার অপেক্ষায়’: শেখ হাসিনাকে দুলু

‘সাহস থাকলে দেশে আসেন, মানুষ আপনার অপেক্ষায়’: শেখ হাসিনাকে দুলু

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার সাহস থাকলে তিনি যেন ফিরে আসেন, দেশের মানুষ তার অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী। আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলসহ অন্যরা।

বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলে সেসব ঘটনার বিচার হয়নি বলে দাবি করেন। একই প্রসঙ্গে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, দেশে ফেরার সাহস থাকলে ফিরে আসতে।

বিএনপির সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে দুলু বলেন, দলটির প্রতিষ্ঠার সময় তিনি স্কুলছাত্র ছিলেন। তখন থেকেই বিএনপির রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয় এবং পরবর্তী সময়ে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত হন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের প্রশংসা করে তিনি বলেন, দেশের মানুষের কাছে জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বিএনপির প্রতিষ্ঠার কারণে তিনি আজ দলের একজন কর্মী ও সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।

দুলু আরও দাবি করেন, জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপির প্রতি মানুষের সমর্থন শেষ হয়ে যাবে—এমন ধারণা করা হলেও তা বাস্তবে হয়নি। তার বক্তব্য অনুযায়ী, দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন বিএনপি ক্ষমতায় এসেছে।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। বরং দলটি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গেও বক্তব্য দেন দুলু। তিনি দাবি করেন, খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় কারাগারে রাখা হয়েছিল এবং তারেক রহমানকে মামলার পাশাপাশি শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

দেশের মানুষ বিএনপিকে যে প্রত্যাশা নিয়ে ক্ষমতায় এনেছে, দলটি সেই প্রত্যাশার প্রতিদান দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ বলেন, দেশ পরিচালনায় তারেক রহমানকে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে দল পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাবুল আহমেদ আরও বলেন, অতীতের রাজনীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে। জিয়াউর রহমানের রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তার মতো ব্যক্তিত্বসম্পন্ন নেতা তিনি আর দেখেননি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাবুল আহমেদ বলেন, অতীতে শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতায় শান্তিতে থাকতে না দেওয়ার কথা বলেছিলেন। একই ধরনের বক্তব্য এখন জামায়াতে ইসলামী থেকেও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আসছে বলে তিনি দাবি করেন। এ কারণে তারেক রহমানকে ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top