নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ তদন্তের স্বার্থে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে।
এর আগে গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোজাফফর হোসেনকে হাজির করার লক্ষ্যে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়।
উল্লেখ্য, প্রায় সাড়ে চার দশক আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে একই দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছে।
জানা গেছে, ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পূর্বনির্ধারিত তারিখে প্রসিকিউশন আরও দুই মাস সময়ের আবেদন করেছিল। তবে মোজাফফর হোসেনের সঙ্গে সম্ভাব্য যোগসাজশের অভিযোগের বিষয়টি সামনে আসায় আদালত নতুন তারিখ নির্ধারণ না করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
মামলাগুলোর পরবর্তী শুনানি ও আদালতের নির্দেশনার ওপর নির্ভর করবে পরবর্তী আইনি কার্যক্রম।