২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক রিটার্নিং কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিনিধি:

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তারা যুগ্ম সচিব পদমর্যাদায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের অবসরের সিদ্ধান্ত জানায়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন সময় চাঁদপুর, কুমিল্লা, কুষ্টিয়া, নেত্রকোনা, বান্দরবান, নাটোর, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, রাঙামাটি, কক্সবাজার, সুনামগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, খাগড়াছড়ি, ফেনী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নীলফামারী, রাজশাহী, মাগুরা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, শেরপুর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা রয়েছেন।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর অতিক্রম করেছে এবং জনস্বার্থ বিবেচনায় তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে সরকার মনে করেছে। তবে প্রচলিত বিধি অনুযায়ী তারা অবসর-পরবর্তী সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।

উল্লেখ্য, গত বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। এরপর প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় এবার তাদের মধ্যে ৩২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের আগে ও পরে বিভিন্ন অনিয়ম এবং ভোট কারচুপির অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়ে সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্ত প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top