স্বরাষ্ট্রমন্ত্রীর ‘শাহবাগ-পল্টন’ মন্তব্যে সংসদে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক:
সরকারের গত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সফল নাকি ব্যর্থ—বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন প্রশ্নকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জবাবে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ আসার পর বিরোধী সদস্যরা প্রতিবাদে সরব হয়ে ওঠেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।

অধিবেশনে হাসনাত আবদুল্লাহ গত ছয় মাসে দেশে সংঘটিত অপরাধের বিভিন্ন দিক তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় তিনি সফল হয়েছেন, নাকি ব্যর্থ।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ’—এ ধরনের প্রশ্ন সংসদে করা যায় না। এ ধরনের বক্তব্য শাহবাগ কিংবা পল্টনের মতো রাজনৈতিক সমাবেশে বলা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও দাবি করেন, গত ছয় মাসে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট অপরাধের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন উদাহরণ থাকলে তা সুনির্দিষ্টভাবে সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোন অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হয়নি, সেটি নির্দিষ্ট করে জানাতে হবে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ আসার পর সংসদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় অধিবেশনকক্ষে হট্টগোলের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন। তিনি স্পিকারের কাছে সহযোগিতা ও সুরক্ষা চান।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তার অভিযোগ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই অন্য সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন এবং নিজেকে শিক্ষকের ভূমিকায় উপস্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য সংসদে আসেননি। তিনি শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে আগ্রহীদের শিক্ষা দেওয়ার পরামর্শ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদের মর্যাদা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি তার কাছে দুঃখপ্রকাশের দাবি জানান। একই সঙ্গে সংসদের সৌন্দর্য ও শালীনতা বজায় রাখতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রশ্ন এবং তার জবাবকে ঘিরে এ উত্তেজনার মধ্য দিয়ে অধিবেশনের শুরুতেই সরকার ও বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য প্রকাশ্যে আসে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top