রাষ্ট্রপতি পদে থাকাকালে আইনি দায়মুক্তি, তবে মেয়াদের আগে-পরে অভিযোগে ব্যবস্থা সম্ভব: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিনিধি:

দায়িত্ব পালনরত অবস্থায় কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করেছেন, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর সংঘটিত কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চালানো যেতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। তার ভাষায়, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতি কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন না। তবে দায়িত্বের মেয়াদের বাইরে সংঘটিত কোনো অনিয়ম বা অভিযোগের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ বিদ্যমান। তিনি বলেন, এই নীতি শুধু একজন নির্দিষ্ট রাষ্ট্রপতির ক্ষেত্রে নয়, রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য।

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে দায়ের হওয়া কয়েকটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে পরিচালিত হয়। কোনো ব্যক্তি অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন এবং এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক কূটনীতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ বর্তমানে ব্রিকসের সদস্য নয়; পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর যে নীতিগত অবস্থান সরকার নিয়েছে, তা এখনো বহাল রয়েছে। পাশাপাশি কক্সবাজারকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার বিষয়েও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top