মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পারভেল্লাবাড়িয়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক মণ্ডলের বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন পারভেল্লাবাড়িয়া গ্রামের মোঃ লিটন মণ্ডল (৪৫), মৃত তাছেম মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোঃ নাসিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লিটন মণ্ডলের কাছ থেকে ৫২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫.২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার ৬০০ টাকা। এ সময় তার পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা নগদও জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ নাসিরুজ্জামান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩, তারিখ ২৯ জুলাই ২০২৬ (জিআর নং-১৫৩/২৬)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।