আজ বসছে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক, প্রাথমিক কর্মপরিকল্পনা নির্ধারণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:

দেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে মূলত সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি, কমিটির কার্যপরিধি এবং ভবিষ্যৎ বৈঠকগুলোর কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। পরবর্তী বৈঠকগুলোতে সংবিধানের বিভিন্ন ধারা সংশোধন ও সংস্কারসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হতে পারে।

বর্তমান সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচনব্যবস্থা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় সংসদে গত ১৩ জুলাই ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধী দল সদস্যদের নাম জমা দিলে পরবর্তীতে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

তবে বিরোধী দল এখনো কমিটিতে অংশ নেয়নি। তাদের অবস্থান হলো, কেবল সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রীয় সংস্কারের বিস্তৃত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

কমিটির নেতৃত্বে রয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা আশা করছেন, প্রথম বৈঠকের মাধ্যমে কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে এবং পরবর্তী বৈঠকগুলোতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা এগিয়ে নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top