নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে স্বজন হারানো পরিবারগুলোর এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তকরণসহ পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশি দূতাবাস কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও।
ভয়াবহ এই দুর্ঘটনায় একসঙ্গে ১৬ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ শনাক্ত ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।