নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও পুরোপুরি কাটেনি।
দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থাকায় হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছেন।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় ধরনের গর্ত তৈরি হয়েছিল। গর্তটি ক্রমে বড় হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলার সময় মহাসড়কের দুটি লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। একপর্যায়ে আষাড়িয়ারচর থেকে শুরু হওয়া যানজট দীর্ঘ হয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও দাউদকান্দি হয়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিপুলসংখ্যক যানবাহন একটিমাত্র লেন দিয়ে চলাচলের চেষ্টা করায় গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। দীর্ঘক্ষণ একই স্থানে আটকে থাকতে হচ্ছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনকে।
যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকেই তারা যানজটে আটকে রয়েছেন। দীর্ঘ সময় গাড়ি চলতে না পারায় যাত্রীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তিনি প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে থাকার কথা জানান।
মহাসড়কের টোলপ্লাজা এলাকায় আটকে থাকা এক যাত্রী মাহাবুব বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও গাড়ি প্রায় একই জায়গায় রয়েছে। এত দীর্ঘ যানজটের কারণ সম্পর্কে অনেক যাত্রীই পরিষ্কারভাবে জানতে পারছেন না বলেও তিনি জানান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেম দাস রায় জানান, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের অন্যতম প্রধান কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কার। একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। যানজট কমাতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে জরুরি সংস্কারকাজ চলছে। ফলে অপর লেন দিয়ে নিয়ন্ত্রিতভাবে যানবাহন পারাপার করতে হচ্ছে। এ কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে বলে জানান তিনি। তবে সংস্কারকাজের কারণে সৃষ্ট যানবাহনের অতিরিক্ত চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।