নিজস্ব প্রতিবেদক:
বিগত সরকার দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অর্থনৈতিক সংকটের ফলে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতি কাটিয়ে অর্থনীতিকে পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর পরিশ্রম করছেন বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।
মো. নূরুল ইসলাম অভিযোগ করেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই প্রায় দুই লাখ কোটি টাকা লুট করেছেন বলে দাবি করেন তিনি। বিদ্যুৎ খাতেও বিপুল পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, সেখানে লক্ষাধিক কোটি টাকা লুটের পর সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছিল।
চিফ হুইপ বলেন, এমন আর্থিক পরিস্থিতির মধ্যেই দেশকে পুনরায় ঘুরে দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমান এ কাজে নিরলসভাবে কাজ করছেন এবং সাধারণ জীবনযাপনের মাধ্যমে উদাহরণ তৈরি করছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের চলমান সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মো. নূরুল ইসলাম বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে অপ্রয়োজনীয় সমালোচনা পরিহার করা প্রয়োজন। একই সঙ্গে সরকারের কার্যক্রমে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
ম্যাজিক ফেস্টিভ্যালে শিল্পী ও কর্মকর্তারা
বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ। এ সময় বিভিন্ন পর্যায়ের শিল্পী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।