রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।
গতকাল রাতে বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে তৃণমূলের মতামত উপেক্ষা করে কমিটি গঠন, দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করা এবং একতরফাভাবে কমিটি চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত ১৭ বছর ধরে নির্যাতন, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে রাজপথে ছিলেন, সেই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে ‘নিশিরাতের কমিটি’ গঠন করা হয়েছে। এ ধরনের কমিটি মাঠপর্যায়ের নেতাকর্মীরা মেনে নেবেন না বলে তারা দাবি করেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, বিএনপি নেতার হত্যা মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং ব্যাংক লুটেরার মতো বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত কোনো অবৈধ কমিটি তৃণমূল বিএনপি মেনে নেবে না, মানবেও না।” তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্য সচিব বৃষ্ট কুমার সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তৌফিক ইমাম সোহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল,পাবনা জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ জুয়েল, যুবদল নেতা বেলাল খান, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ছাত্রদল নেতা মোহন ও রিশাদ হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দলের তৃণমূলের মতামত, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবদান ও সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণ করা হবে না। তারা তৃণমূলের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।