ফখরুলের বিদায়ী বক্তব্যে আবেগঘন বিএনপির সংসদীয় দলীয় সভা

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের একপর্যায়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় ঐক্য ও তৃণমূলের সঙ্গে সংসদ সদস্যদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি শুরুতে স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এরপর বক্তব্য দেন মির্জা ফখরুল। শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের কথা স্মরণ করতে গিয়ে কয়েক দফা কেঁদে ফেলেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

বিএনপিতে দীর্ঘ সময় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে কোনো ভুল বা অনিচ্ছাকৃত আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি তার জন্য ক্ষমাপ্রার্থী।

দলের কাছ থেকে পাওয়া দায়িত্ব ও সম্মান ভবিষ্যতেও নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও জানান।

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বঙ্গভবনে গেলে দলীয় সহকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে দেখা হবে না—এ বিষয়টি উল্লেখ করে তিনি সংসদ সদস্যদের কাছে দোয়া চান। একই সঙ্গে বৃহস্পতিবারের নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, অল্প সময়ের বক্তব্যে মির্জা ফখরুল কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। তার আবেগঘন বক্তব্যে পুরো সভাকক্ষে নীরব ও আবেগময় পরিবেশ তৈরি হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে বক্তব্যে তারেক রহমান মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দলের কঠিন সময়ে ফখরুল সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং কখনো দলের দায়িত্ব থেকে সরে যাননি। বিভিন্ন সময়ে তাকে কারাবরণও করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির গুরুত্বও তিনি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন।

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুলকে বিজয়ী করতে বিএনপির সব সংসদ সদস্যকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক এলাকায় সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরত্ব তৈরি হচ্ছে। এ ধরনের দূরত্ব যেন আরও বাড়তে না পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এবার প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ দুটোই বেশি হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। যোগ্য, গ্রহণযোগ্য ও স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি সংসদ সদস্যদের তৃণমূলের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

গত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ার কারণে সংগঠনের ক্ষতি হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী এবার স্থানীয় নির্বাচনেও দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। দল-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান না নেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল নির্বাচিত হলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার সংসদীয় আসনটি শূন্য হবে। ফলে বুধবারের সংসদীয় দলের বৈঠকটি তার জন্য যেমন বিদায়ী মুহূর্তে পরিণত হয়, তেমনি বিএনপির জন্যও এটি ছিল রাষ্ট্রপতি নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top