শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক বড় সরদার বাড়ি, দ্রুত সংস্কারের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি সংরক্ষণ ও দ্রুত সংস্কারের দাবি উঠেছে। স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতাদের অভিযোগ, সম্প্রতি শুটিংয়ের কাজে ঐতিহাসিক স্থাপনাটি বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছিল। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা অপসারণের সময় ভবনটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি প্রায় ৫০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপনা। মুঘল স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য রয়েছে। সম্প্রতি একটি শুটিংয়ের জন্য স্থাপনাটি কোক স্টুডিওর কাছে ভাড়া দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

শাহেদ কায়েসের অভিযোগ, শুটিংয়ের জন্য স্থাপন করা অস্থায়ী কাঠামো খুলে নেওয়ার সময় মূল ভবনের কয়েকটি অংশ ভেঙে পড়ে। এতে ঐতিহাসিক স্থাপনাটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রত্নসম্পদের ক্ষেত্রে সামান্য ক্ষতিও দীর্ঘমেয়াদে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

সংগঠনটির নেতারা জানান, বড় সরদার বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা না হলে ভবনটির অবস্থা আরও নাজুক হতে পারে। তারা প্রত্নতত্ত্ব ও স্থাপত্য সংরক্ষণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা এবং ঐতিহাসিক নকশা ও কাঠামো অনুসরণ করে সংস্কারের দাবি জানান।

একই সঙ্গে ভবিষ্যতে ঐতিহাসিক স্থাপনাটিকে বাণিজ্যিক বা অন্যান্য কাজে ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সংরক্ষণনীতি অনুসরণের আহ্বান জানানো হয়। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায় নির্ধারণ এবং দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কারুশিল্পীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের চারু ও কারুশিল্পীদের যথাযথ মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা ঐতিহাসিক বড় সরদার বাড়িকে শুধু একটি পুরোনো ভবন হিসেবে নয়, দেশের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এর সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top