ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, পাল্টা কর্মসূচি কওমি ছাত্র ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা আয়োজনের কথা থাকলেও একই স্থান ঘিরে কওমি ছাত্র ঐক্য পরিষদও পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।

এনসিপির কর্মসূচির আগে সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি তুলেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ দাবিতে শুক্রবার রাতে সংগঠনটির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ ও গণসমাবেশ করেন। পরে শনিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে এনসিপি জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। দলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, নির্ধারিত সময় অনুযায়ী কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে। সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যকে তারা অসত্য ও আপত্তিকর মনে করছেন। এ কারণে তারা বক্তব্য প্রত্যাহার এবং জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হওয়ায় সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

তবে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা একাডেমিতে কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল। কিন্তু অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক বিষয় নয়। এ কারণে সংশ্লিষ্ট ভেন্যুর অনুমোদন বাতিল করা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদও কোনো অনুমতি নেয়নি বলে জানান তিনি।

জেলা প্রশাসকের ভাষ্য অনুযায়ী, শনিবার শিল্পকলা একাডেমিতে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সংসদে বক্তব্য দেওয়ার সময় হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে সমালোচনা করেন।

এদিকে একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি ঘোষণা এবং তা ঘিরে পাল্টাপাল্টি বক্তব্যের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top