ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ দাবি সিনেটর ক্রিস ভ্যান হলেনের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির পদত্যাগ দাবি করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন। হাকাবি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং ইসরাইল সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভ্যান হলেন বলেন, একজন মার্কিন রাষ্ট্রদূতের প্রধান দায়িত্ব হলো দেশের স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা। তার অভিযোগ, হাকাবি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।

ভ্যান হলেনের ভাষ্য অনুযায়ী, হাকাবি বর্তমানে ইসরাইলের ‘উগ্রপন্থি সরকারের’ একজন সমর্থকের মতো আচরণ করছেন। এ কারণে রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘গ্রেটার ইসরাইল’ মন্তব্য ঘিরে সমালোচনা

মাইক হাকাবির সাম্প্রতিক একটি মন্তব্যেরও তীব্র সমালোচনা করেছেন ভ্যান হলেন। তার দাবি, ইসরাইল যদি ‘গ্রেটার ইসরাইল’ ধারণার আওতাভুক্ত বলে বিবেচিত বিস্তৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়, সে বিষয়ে হাকাবির অবস্থান জানতে চাওয়া হয়েছিল।

ভ্যান হলেনের বক্তব্য অনুযায়ী, প্রশ্নের জবাবে হাকাবি এমন একটি মন্তব্য করেন যার অর্থ দাঁড়ায়—ইসরাইল ওই পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিলেও তাতে আপত্তির কিছু নেই।

মার্কিন সিনেটর মনে করেন, এ ধরনের অবস্থান একজন মার্কিন কূটনীতিকের দায়িত্ব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মার্কিন নাগরিকদের সুরক্ষা নিয়েও অভিযোগ

ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও হাকাবির ব্যর্থতার অভিযোগ তুলেছেন ভ্যান হলেন।

তিনি দাবি করেন, কয়েকজন মার্কিন নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদের অন্যায়ভাবে আটক রাখার অভিযোগ সামনে এলেও রাষ্ট্রদূত কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

ভ্যান হলেন জানান, তিনি এবং আরও ৩০ জন সিনেটর আগেও হাকাবিকে ইসরাইল সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাদের উদ্বেগের অন্যতম বিষয় ছিল গত চার বছরে নয়জনের বেশি মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা। এসব মৃত্যুর বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছিলেন তারা।

পশ্চিম তীরে খ্রিস্টানদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন

পবিত্র ভূমিতে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভ্যান হলেন।

তার অভিযোগ, পশ্চিম তীরের বিভিন্ন খ্রিস্টান গ্রামে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে। এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে পর্যাপ্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

ভ্যান হলেনের মতে, মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষার দায়িত্ব পালনের যে মানদণ্ড একজন রাষ্ট্রদূতের থাকা উচিত, হাকাবি সেই মানদণ্ড পূরণ করতে পারেননি।

এ কারণে তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এই মার্কিন সিনেটর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top