ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, পরে প্রত্যাহার সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরেস এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ভূমিকম্পের শক্তি ও অগভীর গভীরতার কারণে সুনামির আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক সতর্কতায় পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি এবং পশ্চিম নুসা তেংগারা প্রদেশের কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির প্রভাব পড়তে পারে বলে জানানো হয়।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নতুন তথ্য বিশ্লেষণের পর বিএমকেজি সুনামির আশঙ্কা আর না থাকায় সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয়।

ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top