ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেও স্থির তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আপাতত স্থিতিশীল রয়েছে। এর মধ্য দিয়ে গত সপ্তাহে জ্বালানি তেলের বাজারে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছিল, সেটিই অব্যাহত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাংকারে হামলা এবং লোহিত সাগরের উপকূলে সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। এর প্রভাব পড়ে তেলের দামে।

সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভা-এর মার্কেট ইনসাইটস বিভাগের প্রধান প্রিয়াঙ্কা সচদেবা বলেন, আগস্টের শুরুতে যে দরপতন হয়েছিল, তেলের দাম ইতোমধ্যে তার প্রায় পুরোটা পুষিয়ে নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও ফের বাড়ছে।

তবে হরমুজ প্রণালিতে নতুন করে বড় ধরনের সংঘাতের সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম উল্লেখযোগ্যভাবে আরও বাড়ার সম্ভাবনা সীমিত বলে মনে করছেন তিনি।

তার মতে, তেলবাহী ট্যাংকারে বড় ধরনের হামলা কিংবা তেল উৎপাদন ও সরবরাহ অবকাঠামোয় গুরুতর ক্ষয়ক্ষতি না হলে বাজারে নতুন করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার সম্ভাবনা কম।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো নতুন সংঘাত তেলের বৈশ্বিক সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের পরবর্তী গতিপথ এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির দিকে এখন গভীর নজর রাখছেন আন্তর্জাতিক বাজারসংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top