পুরোনো ডিলার বাদ দিয়ে নতুন নীতিমালায় টিসিবির ডিলার নিয়োগ

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারদের আর বহাল না রাখার পরিকল্পনা করছে সংস্থাটি। ওই সময়ে ডিলার নিয়োগের জন্য নির্দিষ্ট নীতিমালা ছিল না এবং অনেক ডিলার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি—এমন কারণ দেখিয়ে নতুন করে ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ডিলার নিয়োগের জন্য ইতোমধ্যে একটি নীতিমালা তৈরির কাজ শুরু করেছে টিসিবি। নীতিমালা চূড়ান্ত হলে এর আওতায় নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি তুলে ধরেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। বৈঠকে কমিটির সদস্যরা টিসিবির ডিলার নিয়োগ ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আগের সময়ে ডিলার নিয়োগে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়নি বলে টিসিবির পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগও রয়েছে অনেক ডিলারের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে নতুন কাঠামোর মাধ্যমে ডিলার নির্বাচন ও দায়িত্ব বণ্টনের পরিকল্পনা করছে সংস্থাটি।

বৈঠকে টিসিবির ভর্তুকি কমানোর বিষয়েও আলোচনা হয়। সরকারের আর্থিক চাপ কমানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহের বিষয়টি কীভাবে অব্যাহত রাখা যায়, তা নিয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা।

টিসিবির চেয়ারম্যান জানান, নির্ধারিত ভর্তুকিযুক্ত পণ্যের পাশাপাশি বাজারদরের তুলনায় কম দামে সাধারণ মানুষের কাছে আরও কিছু পণ্য বিক্রির পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে ভোক্তাদের জন্য বাজারে সাশ্রয়ী বিকল্প তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশন প্রতিষ্ঠার পর গত এক দশকে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় কত হয়েছে এবং এ সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করে কত অর্থ আদায় করা হয়েছে—এসব তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে প্রতিযোগিতা কমিশনে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা, সেগুলোর বর্তমান অবস্থা এবং বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কমিশন কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরসহ কমিটির সদস্য মো. বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, মো. আবুল কালাম, হেলেন জেরিন খান, সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক ও আব্দুল মুনতাকিম অংশ নেন।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top