পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের পরিবেশ পরিস্থিতি এবং দূষণ নিয়ন্ত্রণে সরকারের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়।

সভায় বায়ুদূষণ, পানিদূষণ, মাটিদূষণ ও শব্দদূষণ কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার নেওয়া উদ্যোগগুলোর বাস্তবায়ন পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।

পলিথিন ও প্লাস্টিকের অব্যবস্থাপূর্ণ ব্যবহারের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় হওয়ার ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। প্রচলিত ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top