পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন পুলিশের সহযোগিতা চেয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। একইভাবে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে পুলিশেরও সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশের প্রতি কোনো বেআইনি নির্দেশনা যাবে না। পুলিশের কর্মকর্তারাও জানিয়েছেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমান অবস্থা তার চেয়ে খারাপ নয়। এ কারণে পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।

চাপমুক্ত দায়িত্ব পালনের বিষয়ে আইজিপি

অনুষ্ঠানে পুলিশের ওপর কোনো ধরনের রাজনৈতিক চাপ থাকবে কি না এবং চাপমুক্ত পরিবেশে তারা নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দেশে দলীয় সরকার রয়েছে, তবে সেটি গণতান্ত্রিক সরকার।

তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ কাজ করবে।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, তিনি মনে করেন এ ক্ষেত্রে পুলিশের সাফল্য শতভাগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top