নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের পর্যায়ে হঠাৎ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুইজন সৈনিক নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসন্ধান শুরু হয়েছে। আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।