লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, উত্তপ্ত ফোনালাপের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প এবং বৈরুতে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান।

অ্যাক্সিওসের প্রতিবেদনে কয়েকটি সূত্রের বরাতে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১ জুন) অনুষ্ঠিত ওই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, লেবাননের পরিস্থিতি প্রয়োজনের তুলনায় বেশি উত্তেজনাপূর্ণ করে তোলা হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।

একজন মার্কিন কর্মকর্তার দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, বৈরুতে বড় ধরনের সামরিক হামলা চালানো হলে আন্তর্জাতিক মহলে ইসরাইল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, লেবাননে উত্তেজনা বৃদ্ধি পেলে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, একজন হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে পরিচালিত একটি সম্ভাব্য অভিযানে বেসামরিক হতাহতের আশঙ্কা থাকায় সেটির বিরোধিতা করেছিলেন ট্রাম্প।

ফোনালাপের পর এক ইসরাইলি কর্মকর্তা জানান, বৈরুতে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর অনুরোধ করেছেন। তার দাবি, ইসরাইল সেই অনুরোধ মেনে সেনা কার্যক্রম সীমিত করেছে।

ট্রাম্প আরও বলেন, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং উভয় পক্ষই হামলা বন্ধে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

অন্যদিকে নেতানিয়াহু ফোনালাপের বিষয়টি স্বীকার করলেও এটিকে কোনো চাপের ফল বলে মানতে রাজি নন। তিনি বলেন, হিজবুল্লাহ হামলা অব্যাহত রাখলে ইসরাইল প্রয়োজনীয় জবাব দেবে। পাশাপাশি দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, ইরান, লেবানন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে দুই নেতার মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। তবে উভয় দেশই এখনো কৌশলগত সহযোগিতা বজায় রেখেছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top