বিয়ের আগে অনৈতিক ছবি চাওয়ার অভিযোগ, কিশোরগঞ্জে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ইতালি প্রবাসী হবু স্বামীর অনৈতিক ছবি পাঠানোর দাবিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার পর কিশোরগঞ্জের ভৈরবে এক তরুণীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বিষাক্ত পদার্থ গ্রহণ করেছিলেন।

মৃত তরুণীর নাম মীম বেগম (২০)। তিনি ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের জীবন মিয়ার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই এলাকার ইতালি প্রবাসী পাভেল মিয়ার (২২) নাম স্থানীয়ভাবে উঠে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে মীম ও পাভেলের বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়। ওই সময় পাভেলের পরিবারের পক্ষ থেকে মীমকে আংটি পরিয়ে বিয়ের আনুষ্ঠানিকতাও এগিয়ে নেওয়া হয়। এরপর পাভেল ইতালি থেকে মীমের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।

একপর্যায়ে পাভেল মীমের কাছে ব্যক্তিগত ও অনৈতিক ছবি পাঠানোর জন্য চাপ দেন বলে অভিযোগ। মীম এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে পাভেল আংটি ও কিছু টাকা ফেরত দিয়ে বিয়ে বাতিল করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনার পর মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মীম বিষাক্ত পদার্থ গ্রহণ করেন বলে পরিবার জানিয়েছে। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া জানান, মীম ও পাভেলের বিয়ের বিষয়টি তিনি জানতেন। তরুণীর মৃত্যুর পর স্থানীয়দের কাছ থেকে অনৈতিক দাবিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ এবং বিয়ে ভেঙে যাওয়ার কথা জানতে পেরেছেন।

অভিযোগের বিষয়ে পাভেল বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও অভিযোগের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top