নিজস্ব প্রতিনিধি:
প্রায় সাড়ে চার দশক ধরে আত্মগোপনে থাকা জিয়াউর রহমান হত্যা মামলার এক আসামিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তি হলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মো. মোজাফফর হোসেন।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রীয় ভূমিকায় আসেন।
পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে গঠিত দলটি পরবর্তী সময়ে একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে।
১৯৮১ সালের ২৯ মে সরকারি সফরে চট্টগ্রাম যান জিয়াউর রহমান। পরদিন ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনাসদস্যের হামলায় তিনি নিহত হন। ঘটনার পর তার মরদেহ চট্টগ্রামের রাউজান এলাকার একটি দুর্গম স্থানে গোপনে দাফন করা হয় বলে তদন্তে উঠে আসে।
ঘটনার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করে ঢাকায় আনা হয়। পরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।
দীর্ঘদিন পর এই মামলার একজন পলাতক আসামির গ্রেপ্তারকে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।