নিজস্ব প্রতিনিধি:
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জন শিশুর মধ্যে হাম বা হাম-সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ এক দিনে উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন কোনো ঘটনা নথিভুক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম-সংশ্লিষ্ট জটিলতায় মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের কারণে এবং ৬৮৯ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৭৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ৬৯৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যাদের চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৪৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৪৯৮ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
একই সময়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।