২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচিত হওয়ার ঘোষণা দেয়।

একই দিন সংসদ ভবনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর সংসদ কক্ষেই ব্যালট গণনা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসির দেওয়া ফল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন।

নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে গেলেন। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ফলে তার সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে বর্তমান দায়িত্বের ওপরও সাংবিধানিক পরিবর্তন আসবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top