এনসিপির চার কেন্দ্রীয় নেতার আগমনে নীলফামারীতে ব্যাপক প্রস্তুতি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চার কেন্দ্রীয় নেতার নীলফামারী সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঙ্গলবার (২১ জুলাই) জেলার জলঢাকা ও সদর উপজেলায় অনুষ্ঠিতব্য পথসভাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভাস্থল সাজসজ্জা, প্রচার-প্রচারণা এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে দিনভর ব্যস্ত সময় পার করছেন তারা।

সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর শোভাযাত্রাসহ জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন। সেখানে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন।

পরে বিকেল ৫টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আরেকটি পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। সেখানে বক্তব্য শেষে তারা লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন।

এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, “দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতারা নীলফামারীতে আসছেন। তাদের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। জেলার সব উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী পথসভায় অংশ নেবেন। আমরা শান্তিপূর্ণ ও সফলভাবে কর্মসূচি সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।”

জেলা সদস্য সচিব কামরুজ্জামান দর্পণ বলেন, “এটি শুধু একটি পথসভা নয়, বরং নীলফামারীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনায় জেলার সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে বলে আমরা আশাবাদী। সাধারণ মানুষ ও তরুণদেরও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

এদিকে কেন্দ্রীয় নেতাদের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “পথসভাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top