ওয়েলস ম্যাচেই কি জাতীয় দলকে বিদায় বলবেন রোনালদো? জোর গুঞ্জন আন্তর্জাতিক ফুটবলে

স্পোর্টস ডেস্ক:

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে—এমন জল্পনা নতুন করে ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন এই তারকা ফরোয়ার্ড।

প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচটিই হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার কিংবা পর্তুগাল ফুটবল ফেডারেশন।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের খবরে জাতীয় দলকে ঘিরেও নতুন পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি চার বছরের জন্য পর্তুগালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, হঠাৎ করে দলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটবেন না।

দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ এলেই সবাই আমূল পরিবর্তনের প্রত্যাশা করেন। তবে স্বল্প সময়ে বড় পরিবর্তন আনা বাস্তবসম্মত নয় এবং দলের ভারসাম্য বজায় রাখাই তার অগ্রাধিকার।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো গড়ে তুলেছেন অনন্য সব রেকর্ড। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে রয়েছে।

শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, দলীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো। তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও নিজেদের ঘরে তোলে দলটি।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে ইতোমধ্যে ৯৭৬টি গোল করা এই ফরোয়ার্ডের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য এক হাজার গোলের অনন্য মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালে ক্লাব ক্যারিয়ারেই তার পূর্ণ মনোযোগ থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রোনালদোর অবসরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি সত্যিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে কি না, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে তার বা পর্তুগাল ফুটবল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top