রদ্রিকে বিক্রিতে সম্মত ম্যানচেস্টার সিটি, বার্সেলোনায় যাওয়ার পথে স্প্যানিশ তারকা

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিনের আগ্রহের পর অবশেষে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে নেওয়ার পথে বড় অগ্রগতি হয়েছে বার্সেলোনার। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাতালান ক্লাবটির ৬৫ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে সম্মতি জানিয়েছে ম্যানচেস্টার সিটি।

স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বার্সেলোনার ক্যাম্প ন্যুয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলবদরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এই স্প্যানিশ তারকা।

রদ্রিকে বেশ কিছুদিন ধরেই দলে পাওয়ার চেষ্টা করছিল বার্সেলোনা। এর আগে কাতালান ক্লাবটির একাধিক প্রস্তাব সিটি প্রত্যাখ্যান করলেও এবার পরিস্থিতি বদলেছে। শেষ পর্যন্ত বড় অঙ্কের প্রস্তাব গ্রহণ করে রদ্রিকে ছাড়তে রাজি হয়েছে ইংলিশ ক্লাবটি।

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। সে সময় তার জন্য ৬২ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল সিটি, যা তখন ক্লাবটির দলবদলের রেকর্ড ছিল।

ম্যানচেস্টার সিটিতে সাত মৌসুমের ক্যারিয়ারে রদ্রি খেলেছেন ২৯৮টি ম্যাচ। এই সময়ে তার ঝুলিতে জমেছে ১২টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।

বর্তমান চুক্তির মেয়াদ অনুযায়ী সিটির সঙ্গে রদ্রির আরও এক বছর থাকার কথা ছিল। ইংলিশ ক্লাবটি তাকে নতুন চুক্তিতে ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বার্সেলোনার প্রস্তাবের সামনে অবস্থান বদলেছে।

তবে রদ্রির বর্তমান শারীরিক অবস্থার কারণে দলবদর সম্পন্ন হওয়ার সময় কিছুটা ব্যতিক্রম হতে পারে। পিঠে ছোট অস্ত্রোপচারের পর শুক্রবার ম্যানচেস্টার সিটির অনুশীলনে ফিরেছেন তিনি। এরপর রোববার আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচে অবশ্য তাকে মাঠে দেখা যায়নি। ওই ম্যাচে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে সিটি।

বার্সেলোনায় রদ্রির সম্ভাব্য যোগদান কাতালান ক্লাবটির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। আর সিটির জন্য এটি হতে যাচ্ছে দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর বড় সিদ্ধান্ত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top