ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের জন্য জাতীয় কর্মসূচির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে দেশব্যাপী উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের চিকিৎসাসেবা আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে সরকার জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে।

বুধবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত ‘স্মাইল এশিয়ার ৮ম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারি কর্মচারী হাসপাতালের সহযোগিতায় স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক এবং সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ‘নতুন হাসির অঙ্গীকারে’ কর্মসূচির আওতায় এবার ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় ভোগা ৬৯ জন শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মগত এ ধরনের শারীরিক সমস্যার কারণে অনেক শিশু ও তাদের পরিবার দীর্ঘদিন মানসিক ও সামাজিক কষ্টের মধ্যে থাকে। দক্ষ সার্জন, অ্যানেসথেসিওলজিস্ট ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় এসব শিশুর সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে, যা তাদের জীবনে নতুন আশার আলো তৈরি করেছে।

তিনি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং সরকারি কর্মচারী হাসপাতালের সংশ্লিষ্টদের প্রশংসা করে বলেন, এই উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নয়, শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্মাইল এশিয়া ও সাজেদা ফাউন্ডেশনকে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে এ ধরনের মেডিকেল মিশন অনুষ্ঠিত হলে সরকার সেটিকে জাতীয় কর্মসূচিতে রূপ দেওয়ার উদ্যোগ নেবে, যাতে দেশের আরও বেশি মানুষ এর সুফল পেতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top