হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮০

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও সন্দেহজনক হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৭৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ থাকা দুই রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৮ এবং সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ৭৮২ জনে পৌঁছেছে।

নতুন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮৭২ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জনের।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে নিশ্চিত হামজনিত মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সেখানে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। এরপর বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে দুজন করে মারা গেছেন।

সন্দেহজনক হামজনিত মৃত্যুতেও সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১২৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন করে মৃত্যুর পাশাপাশি রোগী শনাক্তের সংখ্যাও অব্যাহতভাবে বাড়ছে। ফলে হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top