ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক:

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো এই আমন্ত্রণে তাকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। আয়োজক দেশ হিসেবে ভারত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি বিশেষ অতিথিদেরও আমন্ত্রণ জানিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এই আমন্ত্রণ বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে। সম্মেলনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। যদিও বাংলাদেশ এ জোটের সদস্য নয়, তবুও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top