রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তথ্য নেই, সাংবিধানিক প্রক্রিয়ার কথা জানালেন স্পিকার

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

শুক্রবার দুপুরে থাইল্যান্ড সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি গণমাধ্যমে যা শুনেছেন, তার বাইরে কোনো তথ্য তার জানা নেই। বিদেশে থাকায় বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে সংবিধান অনুযায়ী তিনি নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবে।

সাংবিধানিক বিধান তুলে ধরে স্পিকার জানান, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করার একমাত্র ক্ষমতা জাতীয় সংসদের হাতে রয়েছে এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে চলা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে মন্তব্য করার মতো কোনো নিশ্চিত তথ্য তার কাছে নেই। তাই অনুমাননির্ভর বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

উল্লেখ্য, ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ড সফরে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top