নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। মামলাটি ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এই মামলায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে নয়জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
তদন্ত সংস্থার অনুসন্ধানে দাবি করা হয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্তে সংগৃহীত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ এবং অন্যান্য নথির ভিত্তিতেই অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এখন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। অভিযোগ গ্রহণ করা হলে পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।