ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে বিতর্ক, ২০৩০ বিশ্বকাপ বয়কটের ভাবনায় ইউরোপের কয়েকটি দেশ

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক কাঠামো গঠনের পরিকল্পনা ইউরোপীয় ফুটবল অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। ফিফার প্রস্তাবিত উদ্যোগের বিরোধিতা করে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও বিবেচনা করছে উয়েফাভুক্ত কয়েকটি দেশ।

আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিফার নতুন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। এ বিষয়ে উয়েফার সদস্য দেশগুলোর প্রতিনিধিরা চলতি সপ্তাহে ভার্চুয়াল বৈঠকে বসার প্রস্তুতি নিয়েছেন। সেখানে ফিফার পরিকল্পনার বিরুদ্ধে সম্ভাব্য করণীয় ও যৌথ অবস্থান নিয়ে আলোচনা হবে।

ফিফার প্রস্তাব অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ সংস্থার বড় টুর্নামেন্টগুলোর সম্প্রচার, স্পনসরশিপ এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ফিফা জানিয়েছে, নতুন কোম্পানিটির সম্ভাব্য মূল্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। এর একটি অংশ, প্রায় ৪.২ বিলিয়ন ডলারের সংখ্যালঘু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থাকলেও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে।

তবে এই উদ্যোগকে কঠোর ভাষায় সমালোচনা করেছে উয়েফা। সংস্থাটির মতে, ফুটবলের পরিচালন ব্যবস্থাকে বাণিজ্যিক সম্পদে পরিণত করা খেলাটির মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছে, এই বিনিয়োগ থেকে প্রকৃত অর্থে কারা লাভবান হবে, সে বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই।

উয়েফার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফুটবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পদ নয়। তাই খেলাটির ভবিষ্যৎ ও পরিচালন ব্যবস্থা নিয়ে একতরফা বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য হতে পারে না।

অন্যদিকে ফিফা তাদের অবস্থান ব্যাখ্যা করে জানিয়েছে, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সংগৃহীত অর্থ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হবে। সংস্থাটির দাবি, নতুন কাঠামোর ফলে সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপ থেকে আয় বাড়বে এবং পুরুষ, নারী ও বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।

বিশ্লেষকদের মতে, ফিফা ও উয়েফার এই মতপার্থক্য যদি আরও গভীর হয়, তাহলে তা ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি ও আয়োজনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্পেন ও পর্তুগাল টুর্নামেন্টের অন্যতম আয়োজক হওয়ায় ইউরোপীয় দেশগুলোর পরবর্তী অবস্থান বিশ্ব ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top