আন্তর্জাতিক স্বীকৃতি পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’

ইবনে রাফিত বিন রাইয়ান , সিকৃবি প্রতিনিধি :

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব (SAUEC) আয়োজিত ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিচালিত বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

গত ১৬ মে ২০২৬ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১,৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী, গবেষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণদের নেতৃত্ব বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।

সম্মেলনে সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা, প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী, প্রবন্ধ লেখা, ফটোগ্রাফি, পোস্টার উপস্থাপনা, ওয়াল ম্যাগাজিন এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন পরিবেশভিত্তিক আয়োজন অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ পরিবেশ সচেতনতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

আয়োজকদের মতে, সিলেট বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্যসমৃদ্ধ অঞ্চল হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবেও ঝুঁকিপূর্ণ। এমন প্রেক্ষাপটে সিলেটকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পরিবেশ সম্মেলনের আয়োজন এবং তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এ অঞ্চলের পরিবেশভিত্তিক উদ্যোগ, গবেষণা ও তরুণদের সম্পৃক্ততাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলকে পরিবেশ ও জলবায়ুবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও দৃশ্যমান করবে।

এ অর্জন উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব পরিবেশ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহযোগী প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা, অতিথিবৃন্দ, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আয়োজকরা জানান, আগামী বছরগুলোতে ‘সিলেট পরিবেশ সম্মেলন’ আরও বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশ শিক্ষা, গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণদের সক্ষমতা উন্নয়নকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top