বিশেষ বৃত্তির অর্থ পেতে আবারও ব্যাংক হিসাবের তথ্য চাইলো জবি

ইমতি, জবি প্রতিনিধি:

বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য নতুন করে হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট থেকে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা বৃত্তির টাকা এখনো পর্যন্ত পাননি তারা অনলাইনে ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে পারবেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের বৃত্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম অবশ্যই একই হতে হবে। ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ সংখ্যার মধ্যে হতে হবে এবং এতে কোনো স্পেস বা ড্যাশ ব্যবহার করা যাবে না। এছাড়া ব্যাংকের নাম, শাখার নাম ও ৯ সংখ্যার রাউটিং নম্বর সঠিকভাবে প্রদান করতে হবে। তথ্য আপলোডে কোনো সমস্যা হলে ব্যাংক স্টেটমেন্টের কপি নিয়ে আইসিটি সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হলেও এখনো সব শিক্ষার্থীর কাছে অর্থ পৌঁছায়নি। ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যের অসঙ্গতি ও বিভিন্ন প্রযুক্তিগত জটিলতার কারণে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রেরণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এসব জটিলতা নিরসন এবং অবশিষ্ট শিক্ষার্থীদের কাছে বৃত্তির অর্থ পৌঁছে দিতেই নতুন করে তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে বৃত্তি বিতরণ কার্যক্রম শুরুর পরও সব শিক্ষার্থীর কাছে অর্থ পৌঁছায়নি। গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, ৮ হাজার ৩০২ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ পাঠানো সম্ভব হলেও ১ হাজার ৮২২ জন শিক্ষার্থী ব্যাংক হিসাব ও তথ্যগত জটিলতার কারণে অর্থ পাননি। পরবর্তীতে এসব জটিলতা নিরসনে শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হলেও এখনো বৃত্তি বিতরণ কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়নি।

এ অবস্থায় অবশিষ্ট শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নতুন করে ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top