মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় তিনজন নিহত হন। ওই ঘটনার তদন্তের স্বার্থে গ্রেপ্তার থাকা সাবেক এমপি গোলাপকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।

প্রসিকিউশনের আবেদন বিবেচনা করে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে সেফহোমে আবদুস সোবহান মিয়া গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

তবে এ আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল। তিনি আদালতে বলেন, তার মক্কেল বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে বিশেষ কারাগারে রয়েছেন। তাই তদন্ত সংস্থার কার্যালয়ে নেওয়ার পরিবর্তে জেলগেটেই জিজ্ঞাসাবাদ করা হলে তা তার জন্য বেশি উপযোগী হবে।

জবাবে প্রসিকিউশন জানায়, প্রচলিত বিধান অনুযায়ী সেফহোমে জিজ্ঞাসাবাদের সময় সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতির সুযোগ থাকবে। ফলে অভিযুক্তের স্বাস্থ্য ও আইনি অধিকার সুরক্ষিত থাকবে।

এদিন সকালে কারাগার থেকে আবদুস সোবহান মিয়া গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল একই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পূর্বনির্ধারিত সময় শেষ হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল নতুন করে আগামী ৩০ আগস্ট তারিখ নির্ধারণ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান তদন্তের মুখোমুখি আছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top