মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়কসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালহাটি এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিমলা থানা পুলিশ। অভিযানের সময় সেখানে জুয়া খেলার আসর চলছিল। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে এবং জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাবুরহাট এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেলিম (৪২), সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দ রায় (৪৬), মৃত শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪), বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২), শালহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮), আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুর ইসলাম (৩২), মৃত দেলোয়ার হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) এবং জলঢাকা উপজেলার পশ্চিম গোলমন্ডা এলাকার মৃত তালেব মোখছেদুর রহমানের ছেলে মোখছেদুর রহমান (৪০)।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে নজরদারি চালিয়ে বুধবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।